চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত তৌহিদুল ইসলাম (২৫) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ওয়ার্ডে মো. মমিনুল হকের ছেলে। তিনি নগরীর বহদ্দারহাটের বাইতুল মায়ারিফ মাদ্রাসার শিক্ষার্থী।
নিহতের খালু কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলশী থানার ওই এলাকায় তার বাড়িতে মঙ্গলবার বেড়াতে এসেছিলেন তৌহিদুল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হলে পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকার কবরস্থানের পাশে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে।
হাসপাতালে তাকে নেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে তৌহিদুল মারা যান।
তৌহিদুল বহদ্দারহাটের বাইতুল মায়ারিফ মাদ্রাসার এলাকায় থাকতেন বলে কামাল জানান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৌহিদের বুকে ছুরির আঘাত রয়েছে। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৩০৬ ঘ.
bdnews24