চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে ফাঁকা নগরীতে চুরি ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।
বুধবার থেকে জাতীয় শোক দিবস, শব-ই-কদর ও ঈদের ছুটি শুরু হওয়ায় ইতোমধ্যে চট্টগ্রাম শহর ছেড়ে জন্মস্থানে যেতে শুরু করেছে মানুষ। এ সময় খালি বাসা-বাড়িতে চুরির ঘটনা বেড়ে যায়।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারে ঈদের ছুটিতে চুরি রোধে আবাসিক এলাকায় বিশেষ নজর রাখা হবে।
তিনি জানান, রমজানের শুরু থেকেই নগর পুলিশের পক্ষ বিভিন্ন বিপণীবিতান ও এলাকাগুলোতে টহল দেয়া হচ্ছে। ঈদের দিন থেকে আবাসিক এলাকায় টহল দেওয়া শুরু হবে।
রমজানে পুলিশের অতিরিক্ত ডিউটি ঈদের ছুটির সময়ও চলবে বলে তিনি জানান।
নগর পুলিশের সহকারী কমিশনার (সদর) আব্দুল মান্নান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, অন্যান্য সময়ে নগরীর প্রতি থানায় দুই শিফটে আটটি মোবাইল টিম কাজ করে। রমজান মাসে ১২টি দল কাজ করছে যেগুলো ঈদের ছুটিতেও টহলে থাকবে।
এর বাইরেও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা নগরীর নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এসইউ/১২৪৫ ঘ.
bdnews24