সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ২০০৪ সালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড হামলা মামলায় কাশ্মিরি নাগরিক ‘জঙ্গি নেতা’ আব্দুল মাজেদ ভাটের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সিলেটের এপিপি শামসুল ইসলাম।
২০০৪ সালের ৭ আগস্ট সিলেট নগরীর তালতলার গুলশান সেন্টারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম নিহত হন। আহত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ ৩৬ জন।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে গুলশান সেন্টানে গ্রেনেড হামলার সাথে কাশ্মিরী জঙ্গি মাজেট ভাটের নাম বেরিয়ে আসলে পুলিশ তাকে শ্যোন এরেস্ট দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন জানায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রওনকুল হক চৌধুরী মাজেট ভাটের সাত দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ মামলায় মুফতি হান্নানসহ হরকাতুল জিহাদের শীর্ষ নেতারা জেল হাজতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০৩ ঘ.
bdnews24