২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীর বাসে-ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়

ঈদের আরও পাঁচ-ছয়দিন বাকি থাকলেও বুধবার জাতীয় শোকদিবসের বন্ধের মধ্য দিয়ে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আরও পাঁচ-ছয়দিন বাকি থাকলেও বুধবার জাতীয় শোকদিবসের বন্ধের মধ্য দিয়ে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। এজন্য মঙ্গলবার বিকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। বিকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশন এবং নগরীর দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারগুলোতে মানুষ ভিড় করেন। আগাম টিকেট বিক্রি শুরু হলেও অনেক যাত্রী টিকেট ছাড়াই হাজির হন রেল ও বাস স্টেশনে। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে রেল স্টেশনে। কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকেট না পেয়ে ট্রেনে দাঁড়িয়ে বা অতিরিক্ত দাম দিয়ে বাসের টিকেট কিনে বাড়ির উদ্দেশে রওনা দেন। আগামী শনি বা রোববার চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদের দিন নির্ধারণ। কিন্তু জাতীয় শোকদিবস, শবেকদর, সাপ্তাহিক দুদিনের ছুটি মিলিয়ে টানা আটদিনের ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে। মাঝে বৃহস্পতিবার ও শনিবার ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের অফিস খোলা রাখায় অনেকে চট্টগ্রাম নগরী ছাড়তে না পারলেও তাদের পরিবারের অন্য সদস্যদের পাঠানো শুরু করেন মঙ্গলবার বিকালেই। বিকালে নগরীর চট্টগ্রাম রেল স্টেশন ও বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দূরের জেলার ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। বিকাল তিনটায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায় আন্তঃনগর মহানগর গোধূলী। যারা অগ্রিম টিকেট করেছেন তারা সিটে বসে যাচ্ছেন। আর যারা পাননি তারা কোন রকমে স্ট্যান্ডিং টিকেটে চলেছেন বাড়ির পথে। শুধু ট্রেনের বগি নয় এর ছাদেও মানুষের ভিড় দেখা গেছে। বিপদ জেনেও দরজায় ঝুলে প্রিয়জনের সাথে ঈদ করতে নগর ছাড়ছে মানুষ। এছাড়া দূরপাল্লার বাসের ছাদে মানুষের ভিড় না থাকলেও মানুষজন বাসের ভেতর দাঁড়িয়ে, মোড়া দিয়ে বসে চলেছেন গন্তব্যের উদ্দেশে। তবে এতে কোনো যাত্রীর মনে খেদ নেই, কোনরকমে তাদের ঘরে ফেরা চাই। শফিকুর রহমান নামে আখাউড়ার এক যাত্রী বলেন, “দুইদিন লাইনে দাঁড়িয়ে থেকেও টিকেট পাইনি। তাই স্ট্যান্ডিং টিকিট কেটে বিপদ জেনেও দরজায় ঝুলে বাড়ি যাচ্ছি।” রাহাত নামে কুমিল্লার এক যাত্রী বলেন “আমিসহ পরিবারের পাঁচজন বাড়ি যাচ্ছি। কিন্তু টিকেট পেয়েছি চারটি।” চট্টগ্রাম থেকে বিকাল পাঁচটায় ছাড়ে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস। এই ট্রেনের ভেতরে এমনকি ছাদে তিলধারণের জায়গাও নেই। মো. শাকিল নামে চট্টগ্রাম ইপিজেডের এক কর্মকর্তা হাসিমুখে বলেন, “ঈদে লাইনে দাঁড়িয়ে টিকেট পাওয়া দুষ্কর। কোনোরকমে ঘরে ফিরতে পারলেই চলে। এ নিয়ে আমার কোনো খেদ নেই।” নগরীর বিআরটিসিতে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা গেছে, নির্ধারিত যাত্রী নিয়ে বাসগুলো নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। অনেক যাত্রী টিকেট না পেয়ে ঘন্টার পর ঘন্টা কাউন্টারগুলোতে অপেক্ষা করছেন। বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ও বৃহস্পতিবার বাস কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড় আরো বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/২১৩২ ঘ.