২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের

আদালত ভর্তি প্রক্রিয়া শুরুর পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বুয়েট ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে নির্দেশনা দিয়েছে বলে রিটকারী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুয়েটে নতুন শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরুর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি সম্পূরক আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দের দায়ের করা এক রিট আবেদনে গত ৩১ জুলাই হাই কোর্ট বুয়েটে সে সময়ে চলমান আন্দোলনের ওপর অর্ন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা দেয়। মূল রিটের আদেশের তিন দিনের মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশে বিবাদীদের প্রতি নির্দেশনা চেয়েছিলেন ইউনূস আলী। ওইদিন আদালত বলেন, “পরিস্থিতিতো অশান্ত, এখন কীভাবে ভর্তি পরীক্ষা হবে। আগে পরিস্থিতি হোক। পরে দেখা যাবে।” এরপর গত সপ্তাহে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে একটি সম্পূরক আবেদন জমা দেন ইউনুস। ওই আবেদনের উপর শুনানি করে মঙ্গলবার আদেশ দেয় আদালত। ইউনুস আলী আদালতে নিজেই যুক্তি তুলে ধরেন। বুয়েটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। আদেশের পর এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত অবিলম্বে বুয়েটের ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো সময় বেধে দেওয়া হয়নি। তার মানে স্বাভাবিক নিয়মে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। বুয়েট খোলার পরই তা শুরু করা যাবে।” উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে গত ১০ জুলাই রোজা ও ঈদের ছুটি এগিয়ে এনে ১১ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে গণপদত্যাগেরও ঘোষণা দেন তারা। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগের পর তারা গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেন। হাই কোর্ট আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দিলে তারা কর্মসূচিও স্থগিত করেন। গত ৩১ জুলাই মূল রিটের শুনানি শেষে দেওয়া ওই আদেশে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ধারাবাহিক আন্দোলনে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করে হাই কোর্ট। শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৩০ ঘ.