২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল স্টেশনে ছিনতাইকারীর হাতে ছাত্র খুন

নানা বাড়িতে বেড়াতে গিয়ে ময়মনসিংহ রেল স্টেশনে ছিনতাইকারীর ছুরিতে খুন হয়েছেন গাজীপুরের এক কলেজ ছাত্র। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাজীপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা বাড়িতে বেড়াতে গিয়ে ময়মনসিংহ রেল স্টেশনে ছিনতাইকারীর ছুরিতে খুন হয়েছেন গাজীপুরের এক কলেজ ছাত্র। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তপু (১৬) গাজীপুর সদর উপজেলার থানা কাউন্সিল এলাকার মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি গাজীপুর শহরের উত্তর রাজবাড়ি এলাকার মুদি ব্যবসায়ী আইযুব আলীর ছেলে। নিহতের বড় ভাই অপু জানান, তিন দিন আগে ময়মনসিংহ শহরে নানা বাড়ি বেড়াতে যান তপু। সেখান থেকে গাজীপুরে ফেরার জন্য সোমবার রাত ১১টার দিকে টিকিট কাটতে ময়মনসিংহ রেলস্টেশনে যান তিনি। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থাকা পাঁচশ টাকা কেড়ে নিয়ে পালাতে গেলে তপু ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। এক পর্যায়ে ওই ছিনতাইকারী তপুর বুকে ছুরি মারলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ময়মনসিংহ জিআরপি থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় জনতা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের সদস্য বিল্লাল হোসেনকে (২২) আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। অপুর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। গত এক মাসে গাজীপুরের মীরেরগাঁও এলাকায় রেললাইনে ১৩ জনের লাশ উদ্ধারের ঘটনায় রেলওয়ে মন্ত্রী ওবায়েদুল কাদের শনিবার মীরের গাঁও ও জয়দেবপুর রেলস্টেশন পরিদর্শন করেন। তিনি জেলার পুলিশ সুপারসহ রেল পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেন। পুলিশের ধারণা, ওই ১৩ জন ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.