২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের সাজা ভোগ২ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের প্রতিবেদনে এক জাকিরের পরিবর্তে অন্য জাকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নামে মিল থাকায় অন্যের যাবজ্জীবন সাজা ভোগকারী নারায়ণগঞ্জের মো. জাকির হোসেনকে ওই মামলায় জড়ানোয় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। সোমবার হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে উপস্থাপিত প্রতিবেদনে তা দেখা যায়। মঙ্গলবার আদালত এই বিষয়ে আদেশ দেবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। প্রতিবেদনে বলা হয়, “আড়াইহাজার থানার দায়েরকৃত সংশ্লিষ্ট মামলায় চার্জশিট দাখিলকারী পুলিশ পরিদর্শক এম এ রাজ্জাক চার্জশিটে ‘আসামি জাকির, পিতা-সামসুদ্দিন, সাং-সত্যবান্দি বেপারীপাড়া’ নামে যাকে অভিযুক্ত করেছেন, বাস্তবে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আসামির নাম-ঠিকানা যথাযথভাবে যাচাই না করে চার্জশিট দাখিল করায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।” “আড়াইহাজার থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলাম যিনি মো. জাকির হোসেন, পিতা-সামসুল হক, সাং-হাটখোলা বেপারীপাড়া, (হাজতি পরোয়ানায় মো. জাকির হোসেন, পিতা সামসুদ্দিন, সাং-সত্যবান্দি মোল্লাপাড়া লেখা আছে) আড়াইহাজার, নারায়ণগঞ্জকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ঘটনার সূত্রপাত করেছিলেন বিধায় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।” প্রতিবেদনে প্রকৃত খুনি খুঁজে বের করতে পুলিশ বিভাগ কর্তৃক অধিকতর তদন্ত করানো যেতে পারে বলেও উল্লেখ করেছেন জেলা প্রশাসক। ‘তদবিরের সঙ্গতি না থাকায় জেলে জাকির’ প্রতিবেদনে স্থানীয় তদন্তের বরাত দিয়ে বলা হয়, গ্রেপ্তার হয়ে সাজা ভোগকারী জাকির সম্পূর্ণ নির্দোষ। ছোট বেলায় তার মা মারা যান। তার বাবা মৃত শামসুল হকও ছিলেন গরিব লোক। জাকির অবহেলার মধ্যে বড় হয়। “জাকির ঢাকায় বয়-বেয়ারার কাজ করত। সে অত্যন্ত শান্ত প্রকৃতির। সে খুনের ঘটনায় জড়িত ছিল না। গ্রেপ্তার হওয়ার পর সে গরিব বিধায় কোনো তদবির করতে পারেনি। তদবির করার সঙ্গতি বা লোকও তার ছিল না। তাই নির্দোষ হয়েও সে জেল খাটছে।” ২১ জুন বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’ শীর্ষক একটি প্রতিবেদন নজরে এলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ জাকিরের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন জাকির হোসেন। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের সত্যতা পাওয়া গেছে বলে জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়। ১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে ভিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় সত্যবান্দী বেপারীপাড়ার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই মামলায় ২০০৭ সালের ১০ ডিসেম্বর পুলিশ যে জাকিরকে গ্রেপ্তার করে, তিনি হাটখোলাপাড়া এলাকার সামসুল হকের ছেলে জাকির হোসেন বলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়। তার মহল্লার নাম হাটখোলা বেপারীপাড়া। জাকির বর্তমানে রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর দণ্ডিত জাকির এখনো এলাকায় মুক্ত অবস্থায় রয়েছেন বলে পত্রিকার প্রতিবেদনে বলা হয়। তবে জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, দণ্ডিত জাকিরের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ওই নামে কাউকে পাওয়া যায়নি। এতে বলা হয়, অভিযোগপত্রে ঠিকানা উল্লেখ করা হয়েছে - ‘আসামি জাকির, পিতা-সামসুদ্দিন, সাং-সত্যবান্দি বেপারীপাড়া’। কিন্তু ২০০৩ সালের আড়াইহাজার থানায় গ্রেপ্তারি পরোয়ানা নিবন্ধনে ‘সত্যবান্দি বেপারীপাড়া’র পরিবর্তে ‘সত্যবান্দী মোল্লাপাড়া’ রয়েছে। “এটা কোথা থেকে এসেছে, তা আমাদের বোধগম্য নয়,” বলেছেন জেলা প্রশাসক। ২০০৪ এবং ২০০৫ সালের গ্রেপ্তারি পরোয়ানা নিবন্ধনে জাকিরের নামের সঙ্গে ‘হোসেন’ যোগ করা হয়। ২০০৬ সালেও একই রকম রয়েছে। ২০০৭ সালে এসে আসামির নামের সঙ্গে ‘মো.’ যুক্ত হয়। প্রতিবেদনে বলা হয়, আসামির পিতার নাম ‘সামসুদ্দিন’ থাকা সত্ত্বেও হাটখোলা বেপারীপাড়ার সামসুল হকের ছেলে আলোচ্য জাকিরকে গ্রেপ্তার করে কেন সাজাভোগের জন্য কারাগারে পাঠানো হলো, তা বোধগম্য নয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনও তুলে ধরেন। ভোটার তালিকা পরীক্ষা এবং স্থানীয় তদন্তেও হাজতি ব্যক্তি ওই মামলার প্রকৃত আসামি নয় বলে প্রমাণ পাওয়া গেছে বলে উভয় প্রতিবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২২০৭ ঘ.