ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে প্রধান অন্তরায় হিসেবে দেখছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আব্দুল জলিল।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘উত্তরবঙ্গ উন্নয়ন ও সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জলিল বলেন, “বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুনিরা বিভিন্ন দেশে আত্মগোপন করে থাকায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রধান অন্তরায় আন্তর্জাতিক আইন।”
বাংলাদেশে ‘অঞ্চলভিত্তিক বৈষম্য’ রয়েছে এমন দাবি করে তিনি বলেন, “ইতোপূর্বে কোন সরকারই বৈষম্য দূর করতে কোনো চেষ্টা করেনি। তবে জননেত্রী শেখ হাসিনার সরকারই প্রথম বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে।”
উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আবুল কাশেম, শামিম রুমি টিটন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৯৪৮ ঘ.
bdnews24