কুড়িগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সোমবার ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় ডাকাতি হয়েছে।
লুটপাট চলাকালে ডাকাতদের হামলায় অন্তত ১০ নৌ-যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন এনজিও কর্মকর্তা শফিকুল ইসলাম মিন্টু, স্থানীয় আমিনুল ইসলাম, জোবেদ আলী, তৈয়ব আলী ও আব্দুর রহমান। বাকিদের নাম জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌকার মাঝি তৈয়ব আলী সাংবাদিকদের বলেন, তার শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় রাজিবপুর ঘাট থেকে ৫০ জন যাত্রী গাইবান্ধা যাচ্ছিল। পথে হাসধরা এলাকায় ২০/২৫ জন ডাকাত একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় এসে গতিরোধ করে।
আগ্নোয়স্ত্র, রামদা, বল্লম, কাঁচি ও লাঠিসহ নিয়ে হামলা চালিয়ে তারা যাত্রীদের টাকা, মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে।
কয়েকজন যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করে ডাকাতরা।
মাঝি আরো বলেন, যাবার সময় ডাকাতরা যাত্রীবাহী নৌকাটির ইঞ্জিনটি বিকল করে দিয়ে গেলে যাত্রীরা নদীতে আটকা পরে।
প্রায় দুইঘণ্টা পর গাইবান্ধা থেকে আসা আরেকটি নৌকা দুপুর সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে।
ডাকাতির শিকার এনজিও কর্মকর্তা শফিকুল ইসলাম মিন্টু বলেন, তার মোবাইল ফোন সেট এবং ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এতে বাধা দিলে তাকে প্রচণ্ড মারধর করে ডাকাতরা।
রাজিবপুর থানার ওসি আজিজুল হক বলেন, তিনি নৌ-ডাকাতির কথা শুনেছেন।
ঢুশমারা থানার ওসি আতাউর রহমান এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24