ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ নেতা মীর্জা আজমের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার দুপুরে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে মীর্জা আজম নিজের জবানবন্দি উপস্থাপন শুরু করেন।
এর কিছুক্ষণ পর বিচারক জহুরুল হক আদালত ঈদের পর আগামী ২৭ অগাস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
এর আগে সকালে আদালত শুরুর পর হাকিম শামীমা পারভিনকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবীরা।
গত ৬ অগাস্ট সাক্ষ্য দেওয়ার পর ৮ অগাস্ট শামীমা পারভীনের জেরা শুরু হয়।
পিলখানা হত্যা মামলায় ৩২ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন ঢাকা মহানগরীর তৎকালীন হাকিম শামীমা পারভিন। বর্তমানে তিনি যুগ্ম জেলা জজ।
মীর্জা আযম গত ৮ অগাস্ট সাক্ষ্য দিতে আদালতে হাজির হলেও শামীমা পারভীনের জেরা শেষ না হওয়ায় সেদিন তিনি চলে যান।
এ মামলায় গত ৬ অগাস্ট পুলিশের সাবেক মহাপরিদর্শক ও বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং ১ অগাস্ট প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সাক্ষ্য দেন।
এছাড়া নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানও এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে সাক্ষ্য দিতে তলব করা হলেও তিনি আসেননি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮০১ ঘ.
bdnews24