চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফৌজদারহাটে দুর্ঘটনায় পড়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলীর যাত্রা প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
পূর্বাঞ্চল রেলের মহা ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসার পর ফৌজদারহাট স্টেশনের কাছে এসে সাড়ে ৩টার দিকে ট্রেনটির অষ্টম ও নবম বগির মাঝখানে বাফার হুক ভেঙে যায়। ফলে ট্রেনের ১৫টি বগি দুটি অংশে আলাদা হয়ে যায়।
এরপর ইঞ্জিনের সাহায্যে অষ্টম বগিটি আলাদা করে ট্রেনের একেবারে শেষে জুড়ে দেওয়া হয়। সবশেষে বিকাল ৪টা ২০ এ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে তাফাজ্জল হোসেন জানান।
এর আগে গত ৯ অগাস্ট ফৌজদারহাটের একটি লেভেল ক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি পড়ে গেলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭১৩ ঘ.
bdnews24