মৌলভীবাজার, অগাস্ট ১২- (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তিন মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে সুরিখাল গ্রামে এ হামলার সময় শিশুটির মা আহত হন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
নিহত আকলিমা বেগম ওই গ্রামের চেরাগ মিয়া ও জোছনা বেগমের মেয়ে।
চেরাগ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিনি তারাবির নামাজে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার স্ত্রী জোছনাকে মারধর করে এবং মাথার চুল কেটে দেয়।
স্ত্রী দুর্বৃত্তদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঘরের বাইরে চলে গেলে তারা আকলিমাকে জবাই করে পালিয়ে যায়, বলেন চেরাগ আলী।
রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোববার শিশুটির বাবা বাদী হয়ে গ্রামের আজমান মিয়া ও গেদা মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছেন।
প্রতিবেশীদের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.
bdnews24