২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুন্দরবনে খাল ভরাট কেন অবৈধ নয়’

রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য মইদাড়া খাল ভরাট হচ্ছে জানিয়ে তা বন্ধে একটি রিট আবেদনে হাই কোর্টের এই আদেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের মইদাড়া খাল এবং এর শাখা-প্রশাখাগুলো ভরাট করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারকে তা জানাতে বলেছে হাই কোর্ট। রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ওই খাল ভরাট হচ্ছে জানিয়ে তা বন্ধে একটি রিট আবেদনে রোববার আদালতের এই আদেশ হয়েছে। সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পৃথিবীর বৃহত্তম ম্যাংগ্রোভ বনকে হুমকির মুখে ফেলবে দাবি করে তা বন্ধেও একটি রিট আবেদন হয়েছিল। ওই আবেদনে গত ২২ মার্চ হাই কোর্ট এক আদেশে ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রোববারের আদেশটি দেয় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ। রিট আবেদনে বিবাদিদের দুই সপ্তাহের মধ্যে এই আদেশের জবাব দিতে বলা হয়েছে। যাদের জবাব দিতে হবে, তারা হলেন- বন ও পরিবেশ সচিব, বিদ্যুত ও জ্বালানি সচিব, ভূমি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পিডিবির চেয়ারম্যান, বাগেরহাটের জেলা প্রশাসক, চট্টগ্রাম-খুলনা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের পরিচালক, বাগেরহাটের পুলিশ সুপার, রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামপাল থানার ওসি। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ তাহসিন আলী গত বুধবার এই রিট আবেদন দায়ের করেন। আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন সাংবাদিকদের বলেন, “প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে কোনো খাল-নদী ভরাট করা যাবে না। কিন্তু রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সেখানে এই (মইদাড়া) খালটি ভরাট করা হচ্ছে। এই কারণে আমরা এই রিট আবেদনটি করেছি।” রামপালের সাপমারী-কাটাখালী এবং কৈগরদাসকাঠি মৌজায় এই খালটি অবস্থিত। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে করা রিট আবেদনটি বিচারপতি নাঈমা হায়দার নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির অপেক্ষায় বলে জানিয়েছেন ব্যারিস্টার জাকির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯৫১ ঘ.