জামালপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের তারাকান্দিতে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে অনিদিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশাসনের আশ্বাসে রোববার দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করে ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতি।
এ ধর্মঘটের কারণে শনিবার রাত ৯টা থেকে যমুন সার কারখানার সার পরিবহণ বন্ধ থাকে।
তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক জানান, শনিবার দুপুরে তারাকান্দি এলাকার একদল চাঁদাবাজ মালিক সমিতির কার্যালয়ে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
“চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং সমিতির সভাপতি আবুল হোসেনকে লাঞ্ছিত করে।”
এর প্রতিবাদে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি।
সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান ও স্থানীয় প্রশাসন আগামী পাঁচ দিনের মধ্যে ওই চাঁদাবাজদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রোববার দুপুর একটা থেকে ধর্মঘট প্রত্যাহার করে মালিক সমিতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১২ ঘ.
bdnews24