চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সিতাকুন্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়েছেন দুই শ্রমিক।
বোরবার সকাল সাড়ে ১০টার দিকে সিতাকুন্ডের জোড়াআমতল এলাকার লোকমান হোসেনের মালিকানাধীন এস এল স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে অগ্ন্কিাণ্ডের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নওগাঁ জেলার আল আমিন (১৯) ও কুমিল্লার এরশাদ মিয়া (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিতাকুন্ডের কুমিরা ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ কর্মকর্তা দিদারুল আলম জানান, কনটেইনারবাহী স্ক্র্যাপ জাহাজটি কাটার সময় জাহাজের তলায় জমে থাকা পরিত্যক্ত তেল থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি নিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন,
“আগুন লাগার প্রাথমিক অবস্থায় দুই শ্রমিক বেরিয়ে আসতে পারলেও তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।”
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে আহত দুই শ্রমিককে হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪৫২ ঘ.
bdnews24