ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিভিন্ন পরিদপ্তর ও রাইফেল ক্রীড়া বোর্ডের জওয়ানদের বিদ্রোহের মামলায় ৩৭ জনকে সর্বোচ্চ সাজা, অর্থাৎ ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দেওয়া এই রায়ে খালাস পেয়েছেন সাতজন। তারা হলেন- সিপাহী মো. আমিনুল ইসলাম, হাবিলদার (ড্রাফট) মো. নুরুজ্জামান, সিপাহী মো. শহিদুল ইসলাম, সিপাহী আব্দুল মালেক বাদশা, সিপাহী মো. রেজাউল করিম, হাবিলদার সহকারী আব্দুল হাদি ও ল্যান্সনায়েক সহকারী মো. আব্দুল হাফেজ।
এ মামলার মোট ৩৩৬ জন আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১।
আদালতের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদের দেওয়া রায়ে সবচেয়ে কম চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সাতজনকে।
পিলখানায় বিদ্রোহের মোট ১১টি ইউনিটের মামলার মধ্যে এ নিয়ে নয়টির রায় হল। ৪৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সদর রাইফেল ব্যাটালিয়ন ইউনিটের রায় এখনো হয়নি। এই দুটি মামলার রায় হলে ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সব মামলার বিচার সম্পন্ন হবে।
বিদ্রোহের ঘটনায় ঢাকার বাইরে ৪৬টি মামলার সবগুলোর রায় ইতোমধ্যে হয়েছে।
পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলা চলছে ঢাকার জজ আদালতে। ওই মামলা সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
রোববারের রায়ে ১৯ জনকে ছয় বছর, দুই জনকে সাড়ে পাঁচ বছর, ৩৩ জনকে পাঁচ বছর, চারজনকে সাড়ে চার বছর, ৯০ জনকে চার বছর, একজনকে সাড়ে তিন বছর, ৯৩ জনকে তিন বছর, পাঁচজনকে আড়াই বছর, ২১ জনকে দুই বছর, পাঁচজনকে দেড় বছর, ১১ জনকে এক বছর এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে প্রত্যেককে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি একশ টাকা করে জরিমানা করা হয়েছে।
এই মামলার সাক্ষীর সংখ্যা ছিল ২০৩ জন। আসামিদের মধ্যে ২৬ জন দোষ স্বীকার করে। মোট ৫৩ কার্য দিবসে এই মামলা নিস্পত্তি হল।
আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের আদেশ অমান্য করা, বিদ্রোহ সংক্রান্ত কোনো তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, বিদ্রোহ অব্যাহত রাখার জন্য গেটে সার্চ লাইট স্থাপন করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
রায়ের ক্ষেত্রে আসামিদের আচরণ, স্বাধীনতা যুদ্ধে অবদান, কর্মক্ষেত্রে বীরত্বপূর্ণ ভূমিকার বিষয়গুলোও বিবেচনায় রাখা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
পরিদপ্তরসমূহ এবং রাইফেল ক্রীড়া বোর্ডের বিদ্রোহের ঘটনায় ২০১০ সালের ৪ অগাস্ট নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম মামলা দায়ের করেন। একই বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।
পরিদপ্তরগুলো হচ্ছে প্রশাসনিক পরিদপ্তর, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর এবং চিকিৎসা পরিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমআই/১৬৩১ ঘ.
bdnews24