মহসীনুল করিম
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ আতঙ্কে জর্ডানে কয়েক হাজার বাংলাদেশি নারী শ্রমিক পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তাহীনতায় তিন দিন ধরে তারা যাচ্ছেন না কর্মস্থলে। পাসপোর্ট আটকে রাখায় অনেকে ফিরতে পারছেন না দেশে।
অবশ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধান হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
ভারতীয় মালিকের ‘ক্ল্যাসিক ফ্যাশন’ নামে ওই পোশাক কারখানায় বাংলাদেশের প্রায় তিন হাজার নারী শ্রমিক রয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, গত এক বছরে ওই কারখানায় কর্মরত প্রায় ২৩ থেকে ২৪ নারী শ্রমিক অপহৃত হয়েছেন। মালিকপক্ষের লোক এবং সেখানে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা এ ধরনের কর্মকা-ে জড়িত। তারাই শ্রমিকদের নানাভাবে ‘গুম’ ও ‘খুন’ করছেন।
নিখোঁজ হওয়া সহকর্মীদের উদ্ধারে জর্ডানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল অফিসকেও জানানো হলেও তারা কোন ব্যবস্থা না নিয়ে কাজে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইতোমধ্যে এসব কর্মীর সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের পদক্ষেপের কারণে সমস্যার সমাধান হয়ে গেছে। মেনে নেওয়া হয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সব দাবি।”
রোববার থেকে তারা কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি।
নারী কর্মীদের হত্যা, গুম হওয়ার অভিযোগ অস্বীকার করে জাফর আহমেদ খান বলেন, “এসব ভিত্তিহীন তথ্য। আমাদের কোনো কর্মী সেখানে গুম বা খুন হয়নি। এসব ভিত্তিহীন অভিযোগ।”
ক্লাসিক ফ্যাশনের মালিক সানার কুমারের বাড়ি ভারতের কেরালায়। কারখানাটি জর্ডানের আল হাসান এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজারের বেশি নারী ও পুরুষকর্মী কর্মরত।
বাংলাদেশি কর্মী চম্পা আক্তার জানান, স¤প্রতি নাজমা আক্তার নামের একটি সহকর্মীকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এর আগেও পলি নামের তাদের আরেক সহকর্মী নিখোঁজ হয়। কিন্তু তাদের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। বরং তারা পালিয়ে গিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করছে বলে জানানো হয়েছে।
শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত কোন পদক্ষেপ বাংলাদেশের কনসাল জেনারেল অফিস নেয়নি বলেও অভিযোগ করেন চম্পা।
ওই কারখানারই আরো কয়েকজন কর্মী অভিযোগ করেন, বাংলাদেশি কিছু কর্মকর্তা এবং তাদের ভারতীয় সহযোগীরা এ ধরনের ‘অপহরণ ও গুমে’র সঙ্গে জড়িত। তারা নারী কর্মীদের নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করে থাকতে পারে।
নারী কর্মীদের সমস্যা প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ বলেন, “আমাদের মেয়েরাও কিছু সমস্যা করে। তারা দুই বছরের চুক্তিতে ওই প্রতিষ্ঠানে চাকরি নিয়ে গেছে, তারা চুক্তি অনুযায়ী কাজ করছে না। অনেকেই পালিয়ে গিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করছে। এতে চাকরিদাতা মূল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এসব বিষয়ে জর্ডানে বাংলাদেশের কনসাল জেনারেল তৌফিক ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২২৩৫ ঘ.
bdnews24