সাভার, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক আসামি সাভার মডেল থানা থেকে শুক্রবার মধ্যরাতে পালিয়েছে।
পলাতক জাহিদুল ইসলাম পাপ্পু (৩৫) গোপালগঞ্জ জেলার সদর থানার আবু বক্কর শিকদারের ছেলে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবাকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগে গোপালগঞ্জ সদর থানায় বাবার দায়ের করা মামলার আসামি জাহিদুল ইসলাম পাপ্পু পলাতক ছিল। গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে পাপ্পুকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লা থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
“তাকে থানার কর্তব্যরত অফিসার এসআই মাহফুজা খানমের সামনে বসিয়ে রাখা হয়। এক পর্যায়ে কৌশলে তাকে ফাঁকি দিয়ে পাপ্পু পালিয়ে যায়।”
তবে তাকে আবারো গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২০৩৩ ঘ.
bdnews24