মৌলভীবাজার, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকের গলা কেটে মাইক্রোবাস ছিনতাই চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ছিনতাইয়ে সহায়তাকারী দুই নারী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট গ্রাম থেকে গ্রেপ্তার হন মৌলভীবাজার সদরের বাহুরবাগ গ্রামের ফজরুল মিয়া (২৫), মিনহাজ উদ্দিন (২২) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার ওলিপুর গ্রামের শফিক মিয়া (২৩)।
তাদের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি, গামছা, রশি এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
আহত চালক আব্দুল মালেককে (৪০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিরপাড় এলাকায়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার সবাই আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।”
তারা মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে সিএনজি আটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত, বলেন ওসি।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে যাত্রীবেশী দুই নারী ঢাকা যাওয়ার কথা বলে সিলেটের চৌহাট্টা স্ট্যান্ড থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে।
শ্রীমঙ্গলের ধোবারহাট থেকে তাদের আরো তিন সঙ্গীকে নিতে হবে বলে তারা ধোবারহাট-পানিউমদা সড়ক হয়ে যেতে বলে চালক আব্দুল মালেককে।
রাত ৯টার দিকে ধোবারহাট-পানিউমদা সড়কের নির্জন পাহাড়ি চা বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার দিয়ে মাইক্রোবাসটি থামায়।
সেখান থেকে ফজরুল, মিনহাজ ও শফিক মাইক্রোবাসে উঠে চালক মালেককে মারধর করে গলায় ছুরি চালিয়ে দেয়।
চালকের চিৎকারে চা বাগানের নৈশ প্রহরীরা এগিয়ে এলে যাত্রীবেশে আগে ওঠা দুই নারী পালিয়ে যায়। কিন্তু অন্য ছিনতাইকারীদের ধরে ফেলে প্রহরীরা।
প্রচুর রক্তক্ষরণের পরও ঝুঁকি নিয়ে মাইক্রোবাস চালিয়ে সিলেট ফেরার পথে ফেঞ্চুগঞ্জ বাজারে পৌঁছে জ্ঞান হারিয়ে ফেলেন চালক মালেক।
সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আটক তিন ছিনতাইকারীকে পুলিশে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫০ ঘ.
bdnews24