২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইটসূচি রোববার, থাকছে না ‘থার্ড ক্যারিয়ার’

হজযাত্রী পরিবহনের ফ্লাইটসূচি রোববার ঘোষণা করবে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। তবে এবারো সুযোগ পাচ্ছে না তৃতীয় কোনো পরিবহন সংস্থা, যেটি চালুর দাবি জানিয়ে আসছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

মহসীনুল করিম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রী পরিবহনের ফ্লাইটসূচি রোববার ঘোষণা করবে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। তবে এবারো সুযোগ পাচ্ছে না তৃতীয় কোনো পরিবহন সংস্থা, যেটি চালুর দাবি জানিয়ে আসছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) দেওয়া তালিকা অনুযায়ী সূচি ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন বিমান ও পর্যটনসচিব আতাহারুল ইসলাম। তৃতীয় ক্যারিয়ারের পক্ষে যুক্তি দিয়ে হাব মহাসচিব রশিদ শাহ সম্রাট বলেন, “হাবের আপত্তির পরও হাজি পরিবহনে হয়রানি ও দুর্ভোগ সৃষ্টিকারী ‘ন্যাশনাল এয়ার সার্ভিস (নাস এয়ার)’ এবার হাজি পরিবহনের সুযোগ পাচ্ছে। এজন্য হাজি পরিবহনের সুযোগ থেকে নাস এয়ারকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।” “আমরা মনে করি, নাস এয়ারকে বাদ দিয়ে অন্য থার্ড ক্যারিয়ারদের হাজি পরিবহনের সুযোগ দেওয়া উচিৎ।” হাব সভাপতি জামালউদ্দিন আহমেদ বলেন, “এবার ৫৭ হাজার হাজি পরিবহনের দায়িত্ব পেয়েছে বিমান। তাদের উড়োজাহাজের ওপর নির্ভর করা যায় না। তার ওপর এ সময় আবহাওয়া ভালো থাকবে না। ফলে হজযাত্রী পরিবহনের ঝুঁকি থাকছেই। তাই বিমানমন্ত্রীর কাছে থার্ড ক্যারিয়ার দেওয়ার দাবি জানিয়েছি।” পরিবহনসূচি এবং হজযাত্রী পরিবহনের তিনটি পরিবহন সংস্থার প্রস্তুতি নিয়ে সংশয় প্রকাশ করে হাবের এ দুই নেতার বক্তব্যের পরও এ বছর তৃতীয় সংস্থাকে হাজি পরিবহনের দায়িত্ব দেওয়া হচ্ছে না বলেই নিশ্চিত করেছেন বিমানসচিব আতাহারুল ইসলাম। তিনি জানান, “এখন পর্যন্ত তৃতীয় সংস্থার মাধ্যমে হাজি পরিবহনের কোন সম্ভাবনা নেই। বিমান, সৌদি এয়ারলাইন্স এবং নাস এয়ারই এবার হজযাত্রী পরিবহন করবে। কারণ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে করা ধর্ম মন্ত্রণালয়ের চুক্তিতে তৃতীয় সংস্থার সুযোগ রাখা হয়নি। সৌদি কর্তৃপক্ষও তৃতীয় সংস্থার হাজি পরিবহনের বিষয়টি চায় না।” তবে অন্য বছরের মতো এবারো তৃতীয় সংস্থাকে (থার্ড ক্যারিয়ার) সুযোগ দেওয়া গেলে ভালো হতো বলে মনে করেন বিমানসচিব। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হজযাত্রী পরিবহনে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া বিমান, সৌদি এয়ারলাইন্স এবং নাস এয়ার রোববারই মন্ত্রণালয়ে পরিবহনসূচি জমা দেবে। তাদের ফ্লাইটসূচি পাওয়ার পর হাবের সঙ্গে আলোচনা করে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এ তালিকাটি ঘোষণা করবে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) দুই হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় (নন-ব্যালটি) এক লাখ নয় হাজার ৬০৩ জন হজযাত্রী হজপালনের জন্য সৌদি আরব যাবেন। বিমানের জন্য নির্দিষ্ট ৫৭ হাজার যাত্রীর ফ্লাইট শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ২২ অক্টোবর তাদের হজফ্লাইট শেষ হবে। ১ নভেম্বর থেকে বিমানের হজ পরবর্তী ফ্লাইট শুরু হবে। এটিও শেষ হবে ২৯ নভেম্ব^র। সৌদি এয়ারলাইন্সের হজফ্লাইট ২১ সেপ্টেম্বর শুরু করে ২২ অক্টোবর শেষ হবে। তাদের হজ পরবর্তী ফ্লাইট ৩০ অক্টোবর শুরু করে ৩০ নভেম্বর শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৪৮ ঘ.