২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপ হঠকারী’

গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন ২০১ জন নাগরিক, যারা বিএনপি সমর্থক বলে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন ২০১ জন নাগরিক, যারা বিএনপি সমর্থক বলে পরিচিত। শনিবার এক বিবৃতিতে এই নাগরিকরা সরকারের সমালোচনার পাশাপাশি গ্রামীণ ব্যাংক ‘রক্ষা’য় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন। কবি আবদুল হাই শিকদার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “দেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসের স্বপ্ন ও সাধনার ফসল ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির বিশ¡জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক বর্তমান সরকারের রোষানলে পড়ে আজ ধ্বংসের মুখোমুখি।” গত ২ জুন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এছাড়া ৬১ বছর বয়স পার হওয়ার পরেও ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি থাকার বৈধতা ও এমডি থাকাকালে তার বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা খতিয়ে দেখার সিদ্ধান্তও নেয় সরকার। বর্তমান সরকারের সময়ে গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে কার্যত বাধ্য হওয়া ইউনূস সরকারের এই পদক্ষেপকে গ্রামীণ ব্যাংকের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হিসেবে দেখছেন। বিবৃতিতে বলা হয়, “সরকার এ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা নির্বাচিত বোর্ডের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরই মনোনীত চেয়ারম্যানের কাছে হস্তান্তরের এক হঠকারী উদ্যোগ নিয়েছে। “এ লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ব্যাংকটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেবে।” সরকারকে এই পদক্ষেপ থেকে সরে আসতে আহ্বান জানিয়েছেন বিবৃতিদাতারা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ¡বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক এম মনিরুজ্জামান মিঞা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. এম এ মাজেদ, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, সাবেক সচিব মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, সাংবাদিক সাদেক খান, সাংবাদিক আমানুল্লাহ কবীর, আলমগীর মহিউদ্দিন, রিয়াজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, অ্যাডভোকেট মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৪৭ ঘ.