বাগেরহাট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে অপহৃত ৩৫ জেলেকে এক দিনেও উদ্ধার করা যায়নি।
শনিবার সকাল ৭টা থেকে কোস্টগার্ড সদস্যরা ওই জেলেদের উদ্ধারে আবার অভিযান শুরু করেছে।
সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে সশস্ত্র জলদস্যুরা মুক্তিপণের দাবিতে শুক্রবার ভোরে তিনটি মাছধরা ট্রলারসহ অন্তত ৩৫ জেলেকে অপহরণ করে বলে জানায় কোস্টগার্ড।
পশ্চিমাঞ্চলীয় কোস্টগার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে উদ্ধার অভিযান শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে রাতে তা বন্ধ থাকে।
“শনিবার সকাল ৭টায় আমবাড়িয়া, কোকিলমনি, টিয়ারচর ও কচিখালী এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান আবার শুরু করেছে,” বলেন তিনি।
এদিকে, বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলামের দাবি, তার ট্রলারের মাঝিসহ ১৩জন ফেয়ারওয়ে বয়ার কাছে ইলিশ ধরছিল।
এ সময় জলদস্যুরা তার ট্রলারের জেলেদের ধরতে এলে মাঝি (চালক) সুলতান (৫৫) সাগরে ঝাঁপ দেন।
এরপর থেকে সুলতান নিখোঁজ রয়েছেন বলে তার ট্রলারের ফিরে আসা অন্য জেলেরা নজরুলকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৪ ঘ.
bdnews24