সুনামগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে নিহত ১৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের পরিবারের স্বজনদের কাছে ৫ হাজার ও আহতদের পরিবারকে ৩ হাজার টাকা করে সহায়তা দেন।
শুক্রবার রাত ৯টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের মসজিদে তারাবির নামাজের পর মুসল্লিরা বেরিয়ে আসার সময় বজ্রপাত হয়। এতে ১৩ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- বাদশা মিয়া (১৪), নূর ইসলাম (৫০), তাহের আলী (৫৪), আকিক মিয়া (৫৫), নজরুল ইসলাম (৫৫), হযরত আলী (২২), রিপন (২০), মানিক (২০), নুরুল ইসলাম (২৪), মসজিদের ইমাম শাহাব উদ্দিন (৫৫), মজনু মিয়া (২৮), গফুর মিয়া (৭৫) ও নূর মিয়া (৫৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৭ ঘ.
bdnews24