চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে ৭৫৭টি ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব ও গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে র্যাব সদস্যরা মো. জাফর আলম (৪৫) ও মো. জিল্লুর রহমান (৩০) নামে দুই ব্যক্তিকে ৩৪০টি ইয়াবাসহ ফয়’স লেক এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া নগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে ৪১৭টি ইয়াবাসহ আব্দুর রহমানকে (২৫) বাঘগোনা এলাকা থেকে গ্রেপ্তার করে ।
র্যাব-৭’র স্টাফ অফিসার এএসপি নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক চিড়িয়াখানা রোডে অভিযান চালিয়ে জাফর ও জিল্লুরকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে খুলশী থানাধীন বাঘগোনা এমইএস ছিদ্দিক গেইট এলাকা হতে আব্দুর রহমানকে ৪১৭টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/১৮১৭ ঘ.
bdnews24