নাটোর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমতে বিয়ে করায় শ্বশুর বাড়ি থেকে বোনকে তুলে আনতে গিয়ে এলাকাবাসীর হাতে ভাই আটক হয়েছেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আটক হন পাশের গ্রামের আইদুল ইসলাম।
এ সময় আইদুল তার সহযোগীদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত পাঁচ প্রতিবেশী আহত হয়েছেন।
বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মে মাসে নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রহমান মিলনকে পাশের সোনাপুর গ্রামের রুবি খাতুন বিয়ে করেন পরিবারের অমতে। তাই রুবির ভাইয়েরা এ বিয়ে মেনে নেননি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে রুবির ভাই আইদুল ইসলাম ও রবিউল ইসলাম আরো কয়েকজন সঙ্গী নিয়ে মিলনের বাড়ি যান।
সেখানে তাদের বাড়ির প্রতিটি ঘরে তালা দিয়ে রুবিকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় প্রতিবেশীরা বাধা দিলে রুবির ভাই ও তাদের সঙ্গীদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচন জখম হন।
এরমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সামাদকে নাটোর সদর হাসপাতালে এবং আব্দুস সালাম, আব্দুর রহমান, আব্দুল লতিফ ও মমতাজ বেগমকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এলাকাবাসী আইদুল ইসলামকে আটক রাতেই পুলিশে দিয়েছে।
এ ঘটনায় আহত আব্দুস সামাদ বাদী হয়ে থানা একটি মামলা করেছেন বলে জানান ওসি ইব্রাহিম হোসেন।
আব্দুর রহমান মিলন বলেন, “আমরা দু’জন পরস্পরের সম্মতিতে বিয়ে করেছি। কিন্তু আমার স্ত্রীর ভাইয়েরা এটা মেনে নিতে পারছেন না। তারা জোর করে আমার স্ত্রীকে অপহরণ করতে এসেছিলেন।”
রুবি খাতুন বলেন, “আমার ভাইদের এ বিয়ে মেনে না নেওয়ার কোনো যুক্তি দেখি না। এটা নিয়ে তাদের এতকিছু করার দরকার ছিল না।”
আইদুল ইসলাম অপহরণের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা আমাদের বোনকে দেখতে গেলে গণ্ডগোল বাধে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৫২২ ঘ.
bdnews24