ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য ধর্মের মানুষও যাতে ইসলাম গ্রহণে আকৃষ্ট হয়, সেজন্য মহানবীর (স.) দেখানো পথে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুসলামানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের একটি ওয়েব পোর্টাল ও কোরআনের ডিজিটাল অনুলিপির উদ্বোধন করে শুক্রবার এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আমরা চাই সকলে ইসলাম সম্পর্কে জানুক। অন্যরা যাতে ইসলাম ধর্ম গ্রহণে আকৃষ্ট হন- সে প্রচেষ্টা আমাদের সকলের থাকা উচিৎ।”
ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে ইসলামের ‘শান্তির বাণী’ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো সহজ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমরা ইসলামের শান্তির বাণী মানুষের কাছে পৌঁছাতে চাই। পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্য সার্থক হবে- এই প্রত্যাশা আমাদের সব সময়েই আছে।”
“ইসলামের মর্মবাণী উপলব্ধি করে মানুষের প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। আমি নবী করিম (স:) এর দেখানো পথে মানব কল্যাণে কাজ করে যেতে চাই”, বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে একটি ল্যাপটপে ওয়েব পোর্টাল ‘আল কোরআন: ডিজিটাল’ এবং আইপ্যাডে অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন।
www.quran.gov.bd ঠিকানায় এই পোর্টালে গিয়ে আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজিতে কোরআনের সব আয়াত পড়া ও শোনা যাবে। এছাড়া ই-বুক আকারেও ডাউনলোড করা যাবে।
‘আল কোরআন: ডিজিটাল’ এর পাওয়া যাবে ডিভিডিতেও।
তিনি বলেন, “পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজানে এ ওয়েবসাইট উদ্বোধন করতে পেরে আমি মহান আল্লাহর কাছে হাজার শোকরিয়া জ্ঞাপন করছি।”
এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এই শোকের মাসেও বলব, আমার কাছে একটি আনন্দের দিন।”
প্রধানমন্ত্রী জানান, ২০১০ সালের ২১ ডিসেম্বর একটি অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে কিছু পরামর্শ দিয়েছিলেন তিনি। তারই পথ ধরে দেড় বছরের মাথায় কোরআনের ওয়েব পোর্টালের উদ্বোধন করা হলো।
“আমি অত্যন্ত আনন্দিত যে, এতো দ্রুত সময়ে এবং সুন্দরভাবে এটা করতে পেরেছে।”
এ কাজটিকেই ধর্ম মন্ত্রণালয়ের সবচেয়ে ‘বড় সাফল্য’ হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কোরআন হেফাজত করা আমাদের দায়িত্ব।”
সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো ধর্ম নেই- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ করে ইসলামের বদনাম করা হয়েছে। ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত- সেটাই তাদের ধর্ম।”
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন এবং মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার ও প্রসারের বঙ্গবন্ধুর বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান সরকারের সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “মানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
রোজার মাসে এক কোটি লোকের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হচ্ছে বলেও শেখ হাসিনা জানান।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল। বিশেষ মোনাজাত পরিচালনা করে বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে কোরআনের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৪০ ঘ.
bdnews24