সাভার, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় পাঁচ পোশাক কারখানায় বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষ দেখা দেয়। একটি কারখানায় শ্রমিকদের হামলায় দুই কর্মকর্তা আহত হয়েছেন।
কারখানা পাঁচটি হলো- আশুলিয়ার ধনাইদ এলাকার ‘সিগমা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’, জামগড়ার ‘ফ্যাশন নিট কম্পোজিট লিমিটেড’, বাঁশতলার ‘ওপেক্স সোয়েটার’, গাজীরচট এলাকার ‘এনডি গ্রুপ’ ও ঘোষবাগ এলাকার ‘ম্যাগপাই সোয়েটার লিমিটেড’।
এর মধ্যে ফ্যাশন নিট কম্পোজিট লিমিটেড এর উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে ভাঙচুর চালায় এবং উৎপাদন কর্মকর্তা দেলোয়ার ও লিংকিং ইনচার্জ কামাল হোসেনকে মারধর করে।
তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধনাইদ এলাকার ‘সিগমা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ কারখানার শ্রমিকরা বেতন-বোনাস কম পাওয়ায় কারখানার ভেতরে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষ বিকেলে কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।
এদিকে, ফ্যাশন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা তাদের বেতন-বোনাস বৃহস্পতিবার বিকাল পর্যন্ত না পেয়ে কারখানার জানালা-দরজার গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে কর্তৃপক্ষ বাধা দিলে উত্তেজিত শ্রমিকরা কারখানার উৎপাদন কর্মকর্তা দেলোয়ার ও লিংকিং ইনচার্জ কামাল হোসেনকে মারধর করে।
এসময় কারখানার অন্য কর্মকর্তারা পালিয়ে যান। পরে সন্ধ্যায় কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।
ওপেক্স সোয়েটারের শ্রমিকরা বৃহস্পতিবার ঈদের বেতন-বোনাস না পেয়ে দুপুরের পর থেকে কর্মবিরতি পালন করে। পরে সন্ধ্যায় শ্রমিকরা শুক্রবারের মধ্যে বেতন-বোনাস পরিশোধের জন্য সময় বেধে দেয়।
গাজীরচট এলাকার এনডি গ্রুপের শ্রমিকরা তাদের পিস্রেট বৃদ্ধিসহ বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করে।
ম্যাগপাই সোয়েটার লিমিটেডের শ্রমিকরাও একই দাবিতে দিনভর কর্মবিরতি পালন করে।
কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪৮ ঘ.
bdnews24