আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের রেল লাইনের পাশ থেকে গত পাঁচ দিনে পাঁচটি এবং এক মাসে ১২টি লাশ পাওয়া গেছে।
এই মৃত্যুগুলোর সঠিক কারণ খুঁজে পাওয়া না গেলেও এর পেছনে ছিনতাইয়ের যোগসূত্র রয়েছে বলে স্থানীয়দের ধারণা। পুলিশ বলছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বৃহস্পতিবার সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের কারখানা বাজার সংলগ্ন দেড় কিলোমিটারের মধ্যে থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়।
রেল লাইনের গ্যাং নং-১৫ এর মিস্ত্রি হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে কারখানা বাজার এলাকায় পর পর তিনটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে জানায়। পরে তিনি রেল কর্তৃপক্ষকে খবর দেন।
রেলওয়ে পুলিশ (জিআরপি) কারখানা বাজার সংলগ্ন রেল সেতু, জোলারপাড় ও মীরেরগাঁও এলাকা থেকে তিনটি লাশ উদ্ধার করে।
এদের বয়স ৩০-৩৫ এর মধ্যে। একজনের পরনে সাদা-কালো প্রিন্টের হাফ হাতা গেঞ্জি ও ধূসর জিন্সের ফুল প্যান্ট, একজনের সাদা প্রিন্টের শার্ট ও অ্যাশ রঙের ফুল প্যান্ট এবং বাকিজনের পরনে ছিল বেগুনি রঙয়ের চেক শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট।
সন্দেহ ছিনতাইচক্রের দিকে
গত ৫ অগাস্ট রাতে ভ্রমণের সময় ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলে গুরুতর আহত হন সুনামগঞ্জের দোয়ারা থানার বনপুঁই নওগাঁও গ্রামের আব্দুর নূরের ছেলে আলী আজগর (২২)। তিনি ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।
আহত আজগর পরদিন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের জানান, রাতে ছিনতাইকারীরা তার কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। তার আগে আরো একজনকে ছাদ থেকে ফেলে দিতে দেখেছেন বলে দাবি করেন আজগর।
৫ অগাস্ট গাজীপুর রেলওয়ে পুলিশ রেল লাইনের পাশ থেকে দুটি লাশ উদ্ধার করেছিল, যাদের পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈরের মৌচাক স্টেশনের মাস্টার আব্দুল মালেক সাংবাদিকদের জানান, সম্প্রতি উপজেলার কালামপুর, মাটিকাটা ও কালিয়াকৈর সেতু এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে যাত্রী নিহতের ঘটনা বাড়ছে। ধারণা করা হচ্ছে, এরা সবাই ছিনতাইকারী চক্রের শিকার ।
চক্রটি যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেয় বলে ধারণা করেন স্টেশন মাস্টার।
বৃহস্পতিবার লাশ দেখতে আসা মীরেরগাঁও এলাকার বাসিন্দা শাহিনুর আলম (৬৫) জানান, লাশগুলো দেখে মনে হচ্ছে তাদের ট্রেন থেকেই ফেলা হয়েছে। অন্য কোনোভাবে হত্যা করা হলে শরীরে আঘাতের চিহ্ন থাকত। কিন্তু লাশগুলো দেখে মনে হয়েছে ট্রেন থেকে পড়ে তাদের মাথা ও শরীর থেতলে গেছে।
তিনি জানান, কিছু দিনের ব্যবধানে ওই এলাকায় ৫/৭টি লাশ পাওয়া গেছে।
জোলারপাড় এলাকার সেলিম আহমদ (২৮) বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ছিনতাই শেষে ধাক্কা দিয়ে এদের চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। যাদের লাশ পাওয়া যাচ্ছে তারা কেউ স্থানীয় নন।
একই ধরনের আশঙ্কা করেন বিপ্রবর্থা গ্রামের যুবক লিটন এবং জোলার পার এলাকার শাহ আলমগীর।
পুলিশের বক্তব্য
বৃহস্পতিবার লাশ উদ্ধারে আসা টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা ট্রেন থেকে পড়েই নিহত হয়েছেন।
“তবে কিভাবে পড়ল, তা তদন্ত করে দেখা হবে। তবে ছিনতাইয়ের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন র্র্কতৃপক্ষকে জানানো হয়েছে,” বলেন তিনি।
এ বিষয়ে সুনামগঞ্জের আলী আজগরের কথা জানালে এসআই বলেন, ওই ব্যক্তি যদি কোনো অভিযোগ করেন তাহলে তদন্ত করা হবে।
যাত্রীদের ছাদে ভ্রমণ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ প্রতিটি স্টেশনে যাত্রীদের ছাদ থেকে নামিয়ে দেয়।
তিনি জানান, বৃহস্পতিবার তিনটি, শনিবার দুটি এবং এর আগে আরো সাতটি লাশ উদ্ধার করা হয়েছে রেল লাইনের পাশ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২২০০ ঘ.
bdnews24