২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের আগাম টিকেট বিক্রি শেষ

ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেল স্টেশনে আগাম টিকেট বিক্রি শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেল স্টেশনে আগাম টিকেট বিক্রি শেষ হয়েছে। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিনের এসব অগ্রিম টিকেট বিক্রি করা হয়। অগ্রিম টিকেটের ট্রেন আগামী ১৪ থেকে ১৮ অগাস্ট ঢাকা-সিলেট-চাঁদপুরসহ বিভিন্ন জেলার উদ্দেশে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় বিক্রি হয়ে যায় ১৮ অগাস্টের জন্য নির্ধারিত সব টিকেট। এদিকে যাত্রীরা অভিযোগ করেছেন, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রির সময় নির্ধারিত থাকলেও কোনোদিনই দুপুর ১২ টার পর টিকেট পাওয়া যায়নি। ঈদ উপলক্ষে ১৪ অগাস্টের আগাম টিকেট বিক্রি হয় গত রোববার। ওইদিন তিন ঘন্টার মধ্যে সব টিকেট বিক্রি হয়ে যায়। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে রেলের পাঁচ দিনের আগাম টিকিট বিক্রি কর্মসূচি আজ (বৃহস্পতিবার) বেলা সোয়া ১২ টায় শেষ হয়েছে। ফলে ঈদের আগে ঢাকাসহ বিভিন্ন রুটের কোনো টিকেট অবিক্রিত নেই। তবে বিভিন্ন রুটের মধ্যবর্তী স্টেশনগুলোর কিছু টিকেট অবিক্রিত আছে। এসব টিকেট যাত্রীদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে বিক্রি করা হবে বলে তিনি জানান। ঈদের অগ্রিম টিকেট বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা ঘটেনি বলেও দাবি করেন তিনি। স্টেশন ম্যানেজার বলেন, ঈদের চাঁদ ১৮ অগাস্ট দেখা না গেলে ওইদিন সন্ধ্যার পর থেকে ১৯ অগাস্টের টিকেট বিক্রি করা হবে। অগ্রিম টিকেট বিক্রি শুরুর আগের দিন সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, এবার ঈদ উপলক্ষে ঘরমুখো অতিরিক্ত যাত্রীর সুবিধার্থে নোয়াখালী ও চাঁদপুরে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া চট্টগ্রাম রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনে অতিরিক্ত আরো ৮০টি বগি সংযোজন করা হবে। ঈদে চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন নিয়মিত ৮ টি আন্তঃনগর, পাঁচটি মেইল, পাঁচটি লোকাল ট্রেনের পাশাপাশি দু’টি বিশেষ ট্রেন দেশের বিভিন্ন জেলায় চলাচল করবে। ওই সব ট্রেনে প্রায় ১৩ হাজার আসন রয়েছে। আসন ও দাঁড়িয়ে থেকে প্রতিদিন মোট ১৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে বলে স্টেশন ম্যানেজার জানান। টিকেট কালোবাজারি ঠেকাতে নিরাপত্তা বাহিনী ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ছয় সদস্যের একটি ভিজিলেন্স টিম কাজ করছে বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/২০৫৪ ঘ.