২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম স্টেশনে ৬টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে। ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রামমুখী তিনটি ট্রেন আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 03:00 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফৌজদারহাটে একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি পড়ে যাওয়ায় বন্দরনগরীর সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈদের কয়েকদিন আগে এ দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে ৬টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে। ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রামমুখী তিনটি ট্রেন আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ফৌজদারহাটের একটি লেভেল ক্রসিংয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। “সিমেন্টবাহী একটি ট্রাক ওই লেভেল ক্রসিংয়ে উঠে আটকে গিয়েছিল। ট্রেনের চালক ক্রসিংয়ে পৌঁছে ট্রাকটি দেখলেও থামাতে পারেননি। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইন থেকে বেরিয়ে পড়ে যায়।” এতে ট্রেনের কয়েকজন যাত্রী আহত হন বলে জানান তিনি। জাকির হোসেন বলেন, “লাকসাম ও চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি সরিয়ে নিতে পারলে বেলা ১টার দিকে ট্রেন চলাচল আবার শুরু করা সম্ভব হবে বলে আশা করছি আমরা।” চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার শামসুল আলম জানান, সকালে মহানগর প্রভাতী, সূবর্ণ এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন ঢাকা ও সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এ দুর্ঘটনার ফলে তা সম্ভব হয়নি। ঢাকা থেকে আসা তূর্ণা নিশিথা ও সিলেট থেকে আসা উদয়ন এক্সপ্রেসসহ তিনটি ট্রেন যাত্রী নিয়ে মাঝপথে আটকে আছে। এদিকে কোনো ট্রেনের যাত্রা বাতিল না করায় সকাল থেকে রোজার মধ্যে বহু যাত্রীকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষায় থাকতে হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ট্রেনে চট্টগ্রামমুখী যাত্রীরাও। দুর্ঘটনার কারণ তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিযোগাযোগ) সুশীল কুমার হালদারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন- বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন, বিভাগীয় প্রকৌশলী-১ মুহিউদ্দিন আরিফ ও বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ। জাকির হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখে আমরা শিগগিরই প্রতিবেদন দেব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৩০ ঘ.