ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামে সংঘাতকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়ায় ঘিরে দেওয়ার দাবি তুলেছে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি।
বুধবার ভারতের রাজ্যসভায় দেওয়া বক্তব্যে বিজেপি সভাপতি নীতিন গডকারি আসামের সংঘাতের জন্য ‘অবৈধ’ বাংলাদেশি অভিবাসীদের দায়ী করেন বলেও জানিয়েছে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস।
আসামে রোড়ো সম্প্রদায় ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে গত মাসে শুরু হওয়া জাতিগত দাঙ্গায় এ পর্যন্ত ৭৩ জন নিহত হয়েছে, গৃহহীন হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ।
রাজ্যসভায় আসাম পরিস্থিতি নিয়ে আলোচনায় বিজেপির সঙ্গে একই সুরে কথা বলে আরো কয়েকটি দলের নেতাও।
গডকারি বলেন, “ভোটের রাজনীতির হিসাব থেকে বাংলাদেশিদের ঢুকে পড়া কংগ্রেস সমর্থন করে যাচ্ছে। এতে বোড়োরা নিজ ভূমে পরবাসী হয়ে পড়েছে। এর ফল হিসেবে আসামে এই দাঙ্গা বেঁধেছে।”
রাজ্যসভায় বিজেপি সদস্য বলবীর পানজ বলেন, “আসাম সংলগ্ন ৫০ কিলোমিটার সীমান্ত পথ অরক্ষিত করে রাখা হয়েছে। এই পথে বাংলাদেশিরা ঢুকে আসামে পরিস্থিতি অশান্ত করছে।”
তিনি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান। তার সঙ্গে এক কণ্ঠে সংযুক্ত জনতা দলের শিবানন্দ তিওয়ারিও বলেন, বেড়া দিতেই হবে।
বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে অবশ্য ক্ষমতাসীন কংগ্রেস দলের ভুবনেশ্বর কালিতা বলেন, বিজেপি মূল ঘটনায় রঙ চড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।
সিপিএম সদস্য ঝর্না দাশ বৈদ্য এই সমস্যা সমাধানের জন্য আসাম রাজ্য সরকারকে আরো তৎপর হওয়ার তাগিদ দেন।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারেও আসামের দাঙ্গা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তিনি বলেন, এটি কোনোভাবেই বাংলাদেশ ও ভারতের ‘দ্বিপক্ষীয় বিরোধের’ বিষয় নয়।
বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের দায়ী করা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ভারতে যে অভিবাসন হয়েছে তার একটি ইতিহাস আছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটা বড় আকারে হয়েছে। একাত্তরে প্রায় এক কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নেয়। কিন্তু স্বাধীনতার পরে তাদের বেশিরভাগই ফিরে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২৩৫৫ ঘ.
bdnews24