২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ১৩ গ্রামবাসী অপহরণ

রাঙামাটি শহরের রাজদ্বীপের লিচু বাগান ঘাট থেকে বুধবার রাতে ২০ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এর একঘণ্টা পর সাত জনকে ছেড়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

রাঙামাটি, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরের রাজদ্বীপের লিচু বাগান ঘাট থেকে বুধবার রাতে ২০ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এর একঘণ্টা পর সাত জনকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়াদের কয়েকজন বলেন, রাত ৮টার দিকে শহরের সমতাঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ২০ থেকে ২৫ জন নারী-পুরুষ রাজদ্বীপের লিচু বাগান এলাকায় যাচ্ছিল। লিচু বাগান ঘাটে নৌকাটি পৌঁছলে একদল সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে নৌকা থেকে নারীদের বাদ দিয়ে ২০ জন পুরুষকে আরেকটি নৌকায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাত সোয়া ৯টার দিকে দিগলিবাগ এলাকায় অপহৃত সাত জনকে ছেড়ে দেয়। এরা হলেন সুভাষ চাকমা, অনি চাকমা, বিশ্বনাথ চাকমা, সাধন চাকমা, দীপতন চাকমা, শৈবাল দেওয়ান ও প্রবাল দেওয়ান। এখানো অপহরণকারীদের কাছে আটক কয়েকজন হলেন অনি চাকমা, সুপ্রকাশ চাকমা, পল্টু চাকমা, শিপন তালুকদার, রুপায়ন চাকমা, ত্রিপল চাকমা, লেন্দু চাকমা, পরান্টু চাকমা, সুজাত চাকমা ও জাক্কু চাকমা। তাৎক্ষণিকভাবে সবার নাম জানা যায়নি। এদের সবার বাড়ি লিচু বাগান ও রাজদ্বীপ এলাকায়। ছাড়া পাওয়া সুভাষ চাকমা মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, রাত সোয়া ৯টার দিকে রাজদ্বীপের অদূরে দিগলিবাগ এলাকা থেকে তিনিসহ ৭ জন ছেড়ে দেয় এবং বাকিদের অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে তারা স্থানীয় লোকজনদের কাছ থেকে একটি বোট ভাড়া করে রাজদ্বীপ নিজ নিজ বাড়ি ফিরে আসেন। তবে, তাদের কারা অপহরণ করেছে তা তিনি জানাতে পারেননি। স্থানীয় পৌর কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, সন্ত্রাসীরা ২০ থেকে ২১ জনকে অপহরণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বলেন, অপহরণের ঘটনাটি স্থানীয় পৌর কমিশনার তাকে জানিয়েছেন। ঘটস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.