রংপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাদ্দপত্র না আসায় সরকার নির্ধারিত শেষ দিনেও বেতন তুলতে পারলেন না রংপুরের বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার প্রায় ১৫ হাজার শিক্ষক-কর্মচারী।
বুধবার বিকালে জুলাই মাসের বেতন ও ঈদের বোনাস না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষকরা সোনালী ব্যাংক জেলা কর্পোরেট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
রংপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মাসুম হাসান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রামাণিক জানান, জুলাই মাসের বেতন উত্তোলনের সরকার নির্ধারিত শেষ দিন ছিল বুধবার। এজন্য তিন দিন আগে থেকেই শিক্ষক-কর্মচারীরা ব্যাংকে খোঁজ-খবর নিচ্ছিলেন। কিন্তু শেষ দিনেও বরাদ্দপত্র না আসায় বেতন-বোনাস তোলা গেল না।
এদিকে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জিয়াউল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরাদ্দপত্র না পাওয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হয়নি।
জেলা শিক্ষা কার্যালয়ের প্রধান করণিক শাহেদুল ইসলাম জানান, এ ব্যাপারে তাদের কিছুই করার নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১৮ ঘ.
bdnews24