২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছের অত্যাধুনিক পরীক্ষাগার নির্মাণের কাজ শুরু

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাপানসহ উন্নত দেশগুলোতে মানসম্মত মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানির আগে রাসায়নিক দূষণের উপস্থিতি পরীক্ষা করতে সাভারে অত্যাধুনিক পরীক্ষাগারের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাপানসহ উন্নত দেশগুলোতে মানসম্মত মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানির আগে রাসায়নিক দূষণের উপস্থিতি পরীক্ষা করতে সাভারে অত্যাধুনিক পরীক্ষাগারের নির্মাণ কাজ শুরু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বুধবার সকালে সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পাশে ‘মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ পরীক্ষাগার, ঢাকা’ নামে এ পরীক্ষাগার নির্মাণকাজের ভিত্তিস্থাপন করেন। স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তরের ‘বাংলাদেশে মৎস্যজাতীয় খাদ্য নিরাপত্তা এবং মানব্যবস্থাপনা শক্তিশালীকরণ (বেস্ট প্রকল্প)’ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে এ পরীক্ষাগারটি নির্মিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, , এ পরীক্ষাগারটি নির্মাণ ও চালু হলে উন্নত দেশে মাছ ও এজাতীয় পণ্য রপ্তানিতে আর কোনো সমস্যা থাকবে না এবং রপ্তানিও আরো বাড়বে। মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানির আগে এসব পণ্যে ক্লোরামফেনিকল ও নাইট্রোফিউরানসহ নিষিদ্ধ এন্টিবায়োটিক আছে কিনা, রপ্তানির আগে তা পরীক্ষা করতে হয়। ভোক্তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে মাছ ও এজাতীয় পণ্যে নিষিদ্ধ রাসায়নিকের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করে না। এজন্য তারা ২০১০ সালে রাসায়নিকের উপস্থিতির কথা বলে বাংলাদেশ থেকে মাছ আমদানিতে আপত্তি তোলে। সরকারও তাৎক্ষণিকভাবে মাছ ও মাছজাতীয় পণ্য ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি বন্ধ করে দেয়। পরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়ে ইইউ পুনরায় মাছ নেওয়া শুরু করে। মন্ত্রী জানান, গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ৯৬ হাজার ৪৬৯ মেট্রিক মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করেছে। এতে বাংলাদেশ চার হাজার ৬০৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। বেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ছালেহ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো উন্নত বিশ্বের দেশগুলোতে মাছ ও এ জাতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদের স্বীকৃতি দেওয়ার মতো (অ্যাক্রিডিটেশন) পরীক্ষাগার প্রয়োজন। কিন্তু তা বাংলাদেশে ছিল না। বাংলাদেশে বর্তমানে মৎস্য ভবনে ওপরের একটি তলায় একটিসহ তিনটি মৎস্য মান পরীক্ষাগার রয়েছে। অন্য দুটি হচ্ছে চট্টগ্রাম ও খুলনায়। “কিন্তু এগুলো মাছ রপ্তানির আগে পরীক্ষা করে মান নিশ্চিত করতে ওই দেশগুলোর স্বীকৃতি দেওয়ার মতো আধুনিক নয়। এজন্য সরকার অত্যাধুনিক এ পরীক্ষাগার করছে,” বলেন ছালেহ আহমেদ। তিনি জানান, এ পরীক্ষাগারটির অবকাঠামো নির্মাণে মোট সাড়ে ১২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে মূল ভবন নির্মাণে ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকা। বাকি টাকা ব্যয় হবে ভবনের বাইরের নির্মাণকাজ ও আনুষাঙ্গিক খাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১১৭ ঘ.