কলকাতা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভরা মৌসুমে কলকাতার বাজারে কেজিপ্রতি ইলিশের দাম বেড়ে দাঁড়িয়েছে এক থেকে দেড় হাজার রুপি। আকাশচুম্বী দামের কারণে এই সুস্বাদু মাছ খাওয়া কলকাতার বাঙালিদের কাছে এখন অনেকটাই ‘বিলাসিতা’।
বিক্রেতারা বলছেন, সরবরাহ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার কলকাতার মানিকতলা বাজারে আকার ও মান ভেদে প্রতি কেজি ইলিশ এক থেকে দেড় হাজার রুপি বিক্রি হতে দেখা গেছে।
হাওড়া মাছ বাজারে কোয়ালিটি ফিস কোম্পানির মালিক মোহাম্মদ আমিন খান বলেন, “এই মৌসুমে মাছের সরবরাহ খুবই কম হওয়ায় দাম বেড়ে গেছে। হুগলি ও নর্মদা নদীতে স্বাভাবিক ইলিশ শিকারের হার কমে গেছে। ফলে এখানে কোনো স্থানীয় সরবরাহকারী আসছেন না। সেক্ষেত্রে আমাদের গুজরাট থেকে আসা ইলিশই ভরসা।”
বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ হয়ে যাওয়াও ইলিশের দাম বাড়ার আরেকটি অন্যতম কারণ বলেও জানান এই ব্যবসায়ী।
গত ৩১ জুলাই বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আহ্বানে সাড়া দিয়ে রোজায় চিংড়ি ছাড়া সব ধরনের মাছ রপ্তানি বন্ধ ঘোষণা করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২০০৪ ঘ.
bdnews24