ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশ পরিচয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে রাজধানীর গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সামসুল হক (২৮), মিলন হোসেন (২৮) এবং আনোয়ার হোসেন (২৮)। তাদের কাছ থেকে ‘প্রেস’ লেখা একটি মাইক্রোবাসসহ হ্যানডকাপ, খেলনা পিস্তল, রশি ও গামছা উদ্ধার করা হয়।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশান এভিনিউয়ে প্রাইম ব্যাংকের সামনে থেকে বেসরকারি প্রতিষ্ঠানটির কর্মচারি হাবিবুর রহমানকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা।
একই সময় আরেকজনকে তুলে নেওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি চিৎকার দেন। এরপর টহল পুলিশ প্রায় ৩ কিলোমিটার ধাওয়া করে ১১৩ নম্বর সড়কে এক্সিম ব্যাংকের সামনে তাদের গতিরোধ করে।
ওই সময় তিনজন পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, যাওয়ার সময় তারা হাবিবুর রহমানের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এভাবে আরো কয়েকজনের কাছ থেকে তারা টাকা ছিনতাই করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৭২৯ ঘ.
bdnews24