অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমাদের সময়ের প্রকাশনা নিয়ে হাই কোর্টের রায়ে সুবিচার পাননি বলে মনে করছেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রকাশক নাঈমুল ইসলাম খান।
বুধবার হাই কোর্টের রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দৈনিক আমাদের সময়ের প্রকাশক পরিবর্তন বিষয়ে আজ হাইকোর্টের রায়ে আমি অত্যন্ত হতাশ হয়েছি। আমার মনে হয়েছে, সমস্যার গুরুত্ব ও গভীরতা উপস্থাপন ও উপলব্ধিতে আমরা সকলে ব্যর্থ হয়েছি। তাই আমি সুবিচার পাইনি।”
তবে ‘অধিকার প্রতিষ্ঠার’ আইনি লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, “আইনজীবীর সঙ্গে পরামর্শ করে শিগগিরিই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানাব।”
বিচারপতি মো. আশফাকুল ইসলাম, নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ বুধবার আমাদের সময়ের প্রকাশনা নিয়ে নাঈমুল ইসলাম খানের রিট আবেদন খারিজ করে দেয়। একইসঙ্গে প্রকাশক হিসাবে সৈয়দ মোহাইমেন বক্স কল্লোলের এ পত্রিকা প্রকাশের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।
রায়ের পর মোহাইমেন বক্স কল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ের পর আমাদের সময় প্রকাশনায় আর কোন বাধা রইল না। এই রায় আদালতে ঘোষণার পরই কার্যকর হয়ে গেছে। তাই আগামীকাল আমারা পত্রিকা বের করতে পারব।”
নাঈমুল ইসলাম খান তার প্রতিক্রিয়ায় বলেন, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের অপর একটি হাইকোর্টের বেঞ্চ কিছুদিন আগে মোটামুটি একই বিষয়ে সম্পূর্ণ বিপরীত রায় দিয়েছেন। হাইকোর্টের দুটি বেঞ্চের প্রায় বিপরীতমুখী এমন রায়ে তিনি বিস্মিত।
“আমি নিশ্চিত দীর্ঘমেয়াদে আইনি লড়াইয়ের ভেতর দিয়ে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ্।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৫১ ঘ.
bdnews24