২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুরআনের ওয়েবসাইট চালু করছে সরকার

পবিত্র কুরআন শরিফের আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় উচ্চারণ, অনুবাদ ও তেলাওয়াতের অডিওসহ বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র কুরআন শরিফের আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় উচ্চারণ, অনুবাদ ও তেলাওয়াতের অডিওসহ বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটি (www.quran.gov.bd) উদ্বোধন করবেন। ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল বুধবার নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১০ সালের ডিসেম্বর মাসে আল কুরআনের ডিজিটাল ওয়েবসাইট তৈরির কাজ শুরু করা হয়। এতে কুরআন শরীফের লিখন এবং বাংলা ও ইংরেজি ভাষায় এর অনুবাদ থাকবে। একই সঙ্গে তেলওয়াতের অডিও থাকবে। যে কেউই এ ওয়েবসাইটে ঢুকে কুরআন শরীফ পড়তে বা শুনতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান অধ্যাপক আবু বকর সিদ্দিক এবং ঢাকার আলিয়া মাদ্রার অধ্যক্ষ ড. ইয়াকুব আলীর নেতৃত্বে একটি সম্পাদনা পরিষদ উচ্চারণ পদ্ধতি এবং অনুবাদের কাজ তদারকি করেছেন। সচিব জানান, তারা প্রায় ১০ মাস ধরে এ প্রক্রিয়া শেষ করার পর ওয়েবসাইটে তা অন্তর্ভূক্তির কাজ শুরু হয়। এতে সময় লেগেছে প্রায় পাঁচ মাস। ঢাকার তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান বেইজ লিমিটেড ওয়েবসাইটে তথ্য সংযুক্তির কাজটি করেছে। এতে পরামর্শ দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার। ওয়েবসাইটটি তৈরিতে ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা। ধর্মসচিব বলেন, এখন আরবি ও বাংলা উচ্চারণসহ কুরআন শরিফের অনুবাদ সিডিতেও পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ডিজিটাল কুরআন শরিফের সিডি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া দেশব্যাপী মোট ১৫ হাজার সিডি বিনামূল্যে বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬২১ ঘ.