আমাদের সময় নিয়ে মামলা হারলেন নাঈমুল
নাঈমুল ইসলাম খানের রিট আবেদন খারিজের পাশাপাশি আমাদের সময় প্রকাশের ক্ষেত্রে এসএম বক্স কল্লোলের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে হাই কোর্ট।
দৈনিক আমাদের সময়ের প্রকাশনা নিয়ে নাঈমুল ইসলাম খানের রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। প্রকাশক হিসাবে সৈয়দ মোহাইমেন বক্স কল্লোলের এ পত্রিকা প্রকাশের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম, নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের বৃহত্তর বেঞ্চ বুধবার এই রায় দেয়।
রায়ে আমাদের সময়ের প্রকাশনা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশই ‘সঠিক’ ছিল বলে উল্লেখ করা হয়।
রায়ের পর মোহাইমেন বক্স কল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ের পর আমাদের সময় প্রকাশনায় আর কোন বাধা রইল না। এই রায় আদালতে ঘোষণার পরই কার্যকর হয়ে গেছে। তাই আগামীকাল আমারা পত্রিকা বের করতে পারব।”
আদালতে নাঈমুল ইসলাম খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আকতার ইমাম। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। এমএম বক্স কল্লোলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট আহসানুল করিম। তাদেরকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. আবু তালেব।
জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।
রায়ের পর এমকে রহমান সাংবাদিকদের বলেন, “আদালত বলেছে, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন-১৯৭৩ অনুসারে এসএম বক্স কল্লোলের প্রকাশনা বৈধ। নাঈমুল ইসলাম খানের পদত্যাগও সঠিকভাবে হয়েছে।”
“আজকের এই আদেশের মাধ্যমে আমাদের সময়ের প্রকাশনা, মালিকানা, সম্পাদনা কোনো কিছুতেই নাঈমুল ইসলাম খান আর নাই।”
গতবছর ২৮ সেপ্টেম্বর ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) দেওয়া এক আদেশ অনুযায়ী এসএম কল্লোল আমাদের সময়ের প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নাঈমুল ইসলাম খান একটি রিট আবেদন করলে হাই কোর্ট গত ১৬ জানুয়ারি তা স্থগিত করে দেয়।
একইসঙ্গে হাই কোর্ট নাঈমুলকে বাদ দিয়ে কল্লোলকে আমাদের সময়ের প্রকাশক করার আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে।
আদালতের ওই আদেশের পর ১৭ জানুয়ারি আবার নাঈমুল ইসলাম খানের প্রকাশনায় আমাদের সময় প্রকাশিত হতে শুরু করে।
আমাদের সময়ের আগেও আরো দুটি দৈনিক পত্রিকা নাইমুল ইসলাম খানের হাত ধরে প্রকাশিত হয়। দুই টাকায় আট পৃষ্ঠার দৈনিক আমাদের সময়ের মালিকানা হস্তান্তরের পরও তিনি এর সম্পাদনার দায়িত্বে ছিলেন। তবে প্রকাশনা নিয়ে দ্বন্দ্ব শুরুর পর মোজাম্মেল হোসেনের সম্পাদনায় প্রকাশ হচ্ছিল পত্রিকাটি।
আদালতের রায়ের পর নাঈমুলের আইনজীবী ব্যারিস্টার আকতার ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পরই তারা আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
