২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে গার্মেন্ট ছুটি ‘পর্যায়ক্রমে’

ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও সহজে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এবার তৈরি পোশাক কারখানা ও নিটওয়্যার খাতে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও সহজে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এবার তৈরি পোশাক কারখানা ও নিটওয়্যার খাতে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। তৈরি পোশাক শিল্প মালিক এবং নিটঅয়্যার ব্যবসায়ীদের সঙ্গে ঈদের ছুটি পুনর্বিন্যাস সংক্রান্ত এক বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করেন নৌমন্ত্রী শাজাহান খান। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের পর্যায়ক্রমে ছুটি দিলে বাস ও নৌযানসহ সব যানবাহনে ভিড়ের চাপ কমবে। এতে তারাও নির্বিঘ্নে বাড়ি ফিরে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।” ঘরমুখো মানুষের ঈদের ছুটি নিরাপদ ও আনন্দদায়ক করতেই পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। অন্যদের মধ্যে নৌসচিব আব্দুল মান্নান হাওলাদার, বিজিএমইএর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর পরিচালক আলমগীর কবির এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এবার চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৯ বা ২০ অগাস্ট ঈদ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৪২৪ ঘ.