ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন বুধবার।
১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন ফজিলাতুন্নেসা মুজিব।
জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী ও সমমনা সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী গোরোস্থানে ফজিলাতুন্নেছা মুজিবের কবরে পুষ্পার্ঘ অর্পণের পর কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাদ জোহর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে মিলাদ, দোয়া ও আলোচনা সভা।
এ ছাড়া ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে মায়ের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২০৫ ঘ.
bdnews24