২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ মেলালো সীমান্তবাসীকে

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি বন্দরে সীমান্তের শূন্য রেখায় অনুষ্ঠানে ভারতীয় ব্যবসায়ীরা বাধা দিলেও বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠানের বাকি অংশে যোগ দেন দুই দেশের শিল্পীরাই। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

মোর্শেদুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি

দিনাজপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখায় দুই দেশের শিল্পীরা গান-নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে পালন করলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তবে অনুষ্ঠানে ভারতীয় ব্যবসায়ীরা বাধা দিলে বাংলাদেশের অভ্যন্তরে হয় অনুষ্ঠানের বাকি অংশ, যাতে দুই দেশের শিল্পীরাই অংশ নেন।

দিনাজপুরের হিলি বন্দরে শূন্য রেখায় মঙ্গলবার ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠানটি আয়োজন করে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সংগঠন ‘ভাষা ও সংস্কৃতি’। এতে অংশ নেয় দিনাজপুরের হাকিমপুরের শিল্পকলা একাডেমির শিল্পীরা।

সকাল ১১টায় ‘এ মোর হৃদয়ের বিজন আকাশে’ গান দিয়ে শুরু হয় এই উৎসব। সীমান্তের শূন্য রেখায় শিল্পীদের পরিবেশনা দু’পাশ থেকে উপভোগ করে দুই দেশের মানুষ।

শূন্য রেখার বটতলায় স্থাপিত রবিঠাকুরের প্রতিকৃতিতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফের সদস্যরা। এরপর দুই দেশের সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করতে এবং কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে দুই বাংলার ২২টি নদ-নদীর জল ও মাটি দিয়ে বৃক্ষ রোপণ করা হয়।

অনুষ্ঠানের কারণে আমদানি-রপ্তানির যানবাহন চলাচলে বিঘœ ঘটছে দাবি করে এক পর্যায়ে সীমান্তে অনুষ্ঠান বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা।

এর প্রতিবাদে বাংলাদেশের অভ্যন্তরে রাস্তার ওপর অনুষ্ঠান শুরু করে এদেশের শিল্পীরা। এরপর ভারতীয় শিল্পীরাও বিজিবির অনুমতি নিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে একাত্মতা প্রকাশ করে। শত শত দর্শক শ্রোতা ও সাংস্কৃতিক কর্মী করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

ভারতীয় ব্যবসায়ীদের বাধা দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ‘ভাষা ও সংস্কৃতি’র সম্পাদক কৃষ্ণেন্দু বেরা সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক ও রাষ্ট্রীয় নীতিতে কাঁটাতারের বেড়া থাকলেও দুই বাংলার মানুষের মনের মিলন কাঁটাতার দিয়ে রোখা যায় না।”

ভারতীয় ব্যবসায়ীদের আচরণের প্রতিবাদ জানিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ বলেন, “এখানে কোনো চোরাকারবারি আসেনি। এটি দুই বাংলার সাংস্কৃতিক মিলন মেলা।”

দুপুর একটায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ‘বর্ষামঙ্গল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১৫৫ ঘ.