চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সাত হাজার ৭০ জন দ্বৈত ভোটারকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিভিন্ন উপজেলা নির্বাচন কার্যালয়ে চিঠি পাঠানো শুরু করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস।
চট্টগ্রামে সর্বাধিক দ্বৈত ভোটার রয়েছে নগরীর বন্দর থানায়।
নির্বাচন কমিশন থেকে চট্টগ্রাম জেলা কার্যালয়ে পাঠানো তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
এ তালিকা অনুযায়ী, নগরীর বন্দর থানা এলাকায় সর্বাধিক এক হাজার ৬৩১ জন দ্বৈত ভোটার আছে।
পাহাড়তলী ও ডবলমুরিং থানা এলাকায় রয়েছে যথাক্রমে দেড় হাজার ও এক হাজার দুইশ’ দ্বৈত ভোটার।
পাঁচলাইশ থানা এলাকায় ৫৮৪ জন, চান্দগাঁও থানায় ৫৭৬ জন এবং কোতোয়ালী থানা এলাকায় ১৮৯ জন দ্বৈত ভোটার চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, উপজেলা ভিত্তিতে সর্বাধিক ১৭৩ জন দ্বৈত ভোটার রয়েছে বাঁশখালীতে। এছাড়া ফটিকছড়িতে ১৫৮ জন, পটিয়াতে ১৪৮, সীতাকু-ে ১৪৬, রাঙ্গুনিয়ায় ১০৭ এবং সাতকানিয়া উপজেলায় ১০০ জন।
এছাড়া, রাউজানে ৯৬ জন, লোহাগাড়ায় ৮৭জন, সন্দ্বীপে ৮১জন, বোয়ালখালীতে ৬৯, হাটহাজারীতে ৬৮, আনোয়ারায় ৬৫, চন্দনাইশে ৫০ এবং মিরসরাইতে ৪২জন দ্বৈত ভোটার পাওয়া যায়।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, দ্বৈত ভোটার চিহ্নিত করার পর কার্যকর ব্যবস্থা নিতে এ সংক্রান্ত চিঠি থানা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দ্বৈত ভোটার হওয়ার দায়ে অভিযুক্তরা যদি নিজ থেকে এসে দোষ স্বীকার করে, তাহলে কারণ বিবেচনায় তাদের অপরাধ ক্ষমা করা হতে পারে।
এছাড়া বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
২০০৮ সালের নভেম্বরের ভোটার তালিকা অনুযায়ী, মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ৪৩ লাখ ৮৮ হাজার ৫৯৬ ভোটার রয়েছে। তাদের সবারই জাতীয় পরিচয়পত্র আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/১৯১৮ ঘ.
bdnews24