চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
সোমবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৫৫৫টি ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মো. নিজামকে (২৬), সুজিত ভৌমিক (২৩), প্রভাকর বড়–য়া (২৭), মো. তাজুল ইসলাম (৪৫) ও মো. আজিম (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়তলী থানাধীন রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে মো. নিজামকে ৩০০টি ইয়াবাসহ এবং বায়োজীদ বোস্তামী থানাধীন অক্সিজেন বেপারী পাড়া থেকে সুজিত ভৌমিক ও প্রভাকর বড়–য়াকে ১০০টি ইয়াবাসহ আটক করা হয়।
এ ছাড়া বন্দরথানাধীন ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মসজিদের ইমামের বাসা থেকে ১৫৫টি ইয়াবাসহ ইমামের ভাগ্নে তাজুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা।
অন্যদিকে কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মো. আজিমকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮১৫ ঘ.
bdnews24