ফরিদপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে দশম শ্রেণীর এক ছাত্রকে অপহরণের পর কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অপহৃতের পরিবার জানিয়েছে।
অপহৃত মৃদুল মিয়া (১৬) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
তাকে উদ্ধারে চেষ্টা চলছে বলে কোতোয়ালি থানার ওসি সৈয়দ মহসিনুল হক জানিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য মৃদুলের সহপাঠী আরিফকে আটক করেছে পুলিশ।
মৃদুলের বাবা মধুখালীর জাহাপুর ইউনিয়নের কারণ্যপুর গ্রামের নান্নু মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব রয়েছেন। মৃদুল তার মা শেফা আক্তার ও বাবা নান্নু মিয়ার একমাত্র ছেলে।
মৃদুলের পড়ালেখার জন্য শেফা আক্তার ভাটি কানাইপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকেন।
মৃদুলের ফুফু বিলকিস আক্তার সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ১০টার দিকে মৃদুল তার সহপাঠী আরিফের সঙ্গে মোটর সাইকেলে বেরিয়ে যায়। তারপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মৃদুলের মোবাইল ফোন থেকে শেফা আক্তারের মোবাইল ফোনে কল করে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করা হয় বলে বিলকিস জানান।
“টাকা না পেলে মৃদুলকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে অপহরণকারীরা,” বলেন তিনি।
এরপর ঘটনাটি পুলিশকে জানায় মৃদুলের পরিবার।
নিখোঁজ মৃদুলের প্রতিবেশী ও কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, একমাত্র ছেলে অপহরণের পর শেফা আক্তার অসুস্থ হয়ে পড়েছেন। কারো সঙ্গে তিনি কথা বলতে পারছেন না।
এই বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহসিনুল হক সাংবাদিকদের বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল মৃদুলকে উদ্ধার অভিযান চালাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক বলেন, মৃদুলের সহপাঠী আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
“সে অপহরণকারীদের সহায়তা করেছে বলে প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি,” বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা বিজন আশা করছেন, শিগগিরই মৃদুলকে উদ্ধার করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24