নরসিংদী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে যুক্ত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত এক বিডিআর সদস্য মারা গেছেন।
সোমবার গভীর রাতে নরসিংদী জেলা কারাগারে বন্দি বিডিআর সদস্য আমজাদ হোসেন ভূইয়া (৫৪) অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান জেলার।
সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য আমজাদ হোসেন ভূইয়া নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার চৈতন্যা গ্রামের সাহাজ উদ্দিন ভূইয়ার ছেলে। বিডিআর বিদ্রোহের সময় তিনি ব্রাহ্মনবাড়িয়া সরাইল ক্যাম্পে কর্মরত ছিলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ করে এর সদস্যরা। সে সময় দেশের বিভিন্ন স্থানেও বিদ্রোহ করে বিডিআর সদস্যরা।
জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, বুকের ব্যথায় আমজাদ ছটফট ও বমি করতে শুরু করলে তাকে জরুরী ভিত্তিতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে রাত দুইটায় কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ তাকে মৃত বলে ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার ছেলে আব্দুল বাছেদের কাছে হস্তান্তর করা হয়।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১০ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল একেএম শাহাদাত হোসেন তাকে একশ’ টাকা জরিমানসহ পাঁচ বছরের সাজা প্রদান করেন।
২০১১ সালের ১০ এপ্রিল তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩৬ ঘ.
bdnews24