খুলনা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। মুক্তিযুদ্ধ ভাস্কর্যের পাশে এই কর্মসূচিতে শিক্ষক ও কর্মচারীরাও অংশ নেন।
মানবন্ধন পরবর্তী সমাবেশে উপাচার্য অধ্যাপক মো. সাইফুদ্দিন শাহ্ এই ধরনের ঘটনা এড়াতে প্রশাসনকে আরো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী, ছাত্র বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা এবং শিক্ষার্থীদের পক্ষে সুবীর রায় সমাবেশে বক্তব্য রাখেন।
গত শনিবার দিনাজপুরের চিরির বন্দরে হিন্দু অধ্যুষিত গ্রামে একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়। লুটপাটের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ঘর।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অবশ্য সোমবার বলেছেন, ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২২ ঘ.
bdnews24