২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুণ্ঠিত অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

লুট হওয়া অস্ত্রসহ চার ডাকাতকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লুট হওয়া অস্ত্রসহ চার ডাকাতকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদেরকে সোমবার রাতে কুমিল্লার মেঘনা ও ফরিদপুরের বোয়ালমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইকবাল ওরফে আলমগীর (২৭), খলিল মাহবুব (৫৭), মো. জহির (২৬) ও গণি ওরফে সুন্দরী (২৭)। মেঘনা থানাধীন মানিকারচরে আলমগীরের গ্রামের বাড়ি থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়, যা গত ২৮ জুলাই ভাটারার সাবেক কাউন্সিলর কাজী হযরত আলীর বাসা থেকে লুট হয়েছিল। ওইদিন একদল ডাকাত হযরত আলীর বাসায় ঢুকে বাড়ির সবাইকে জিম্মি করে লাইন্সেস করা অস্ত্র, নগদ ৬ লাখ টাকা ও একশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই সাব্বির ওরফে হৃদয় (২৪) নামে এক ডাকাতকে কুমিল্লার হোমনা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪১৬ ঘ.