ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ড. মুহাম্মদ ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কতো টাকা বিদেশ থেকে এনেছিলেন- সে বিষয়ে এ মাসেই প্রতিবেদন দেবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
সংস্থার চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এ মাসেই নিদের্শনা অনুযায়ী কেবিনেটের কাছে প্রতিবেদন দেওয়া হবে।”
গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভা থেকে এনবিআরের আছে এই প্রতিবেদন চাওয়া হয়। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ইউনূস ওয়েজ আর্নার হিসেবে বিদেশ থেকে কতো টাকা এনেছিলেন; তিনি তা আনতে পারেন কি না; ওই টাকার জন্য কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন- ইত্যাদি বিষয়ে তথ্য চাওয়া হয় এনবিআরের কাছে।
ওইদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে এনবিআরকে এই প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।
মন্ত্রিসভার ওই নির্দেশের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এনবিআরে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। সেই চিঠি পেয়ে এনবিআরের দুই সদস্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন চেয়ারম্যান। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও কর সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে রাজস্ব বোর্ড।
নাসিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রিসভার নির্দেশনা পাওয়ার আগে থেকেই তারা এ বিষয়ে কাজ করছিলেন।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের বেশি সময় থাকা বৈধ ছিল কি না, তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে।
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই মুহাম্মদ ইউনূস এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর।
ইউনূস নিজেও সরকারের পদক্ষেপ মানতে নারাজ ছিলেন। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হেরে যান তিনি।
সর্বশেষ মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এক বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার গ্রামীণ ব্যাংকের মালিকানা পুরোপুরিই নিতে চায়। তা প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৩৫২ ঘ.
bdnews24