২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রেনেড হামলার তদন্তে বাধা দেন বাবর’

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় এবার সাক্ষ্য দিলেন ঢাকার মহানগর পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় এবার সাক্ষ্য দিলেন ঢাকার মহানগর পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমান। মিজানুর রহমান এ মামলায় রাষ্ট্রপক্ষের ৬৩ নম্বর সাক্ষী। সোমবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন তার জবানবন্দি গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ১২ অগাস্ট জেরার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জবানবন্দিতে বলেছেন, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গ্রেনেড হামলার সব আলামত নষ্ট করে ফেলতে চেয়েছিলেন। তিনি আদালতকে আরো বলেন, বাবর সেসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরকে ওই হামলার তদন্তে বাধা দেন এবং তদন্ত ধামাচাপা দিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। মিজানুর রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শককে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ করলে তারা তাকে ‘বাড়াবাড়ি করো না’ বলে শাসিয়ে দেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলায় ২২ আসামির বিরুদ্ধে বিচার শুরু হলেও বর্তমান আওয়ামী লীগ সরকার সরকার ক্ষমতায় আসার পর আদালতের আদেশে এই মামলার অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৫৮ ঘ.